ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের সঞ্চালনায় এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।আলোচনা সভায় বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. হারুনুর রশিদ, রিহ্যাব পরিচালক ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, পরিচালক খাজা নজিবুল্লাহ, এম ফখরুল ইসলাম ও আবদুল গাফফার মিয়াজী প্রমুখ।সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, জাতীয় জীবনে এ দিবসের গভীর গুরুত্ব এবং সমকালীন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এর সুদূরপ্রসারী প্রভাব বিস্তারিতভাবে তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক ইতিহাসের এক অবিস্মরণীয় বাঁক। এ দিবসের মূল চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের ভিত্তিতে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।অনুষ্ঠানে জাতীয় প্রেক্ষাপটের পাশাপাশি দেশের সামগ্রিক আবাসন খাতের অগ্রগতি, বিদ্যমান নানাবিধ সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও ফলপ্রসূ মতবিনিময় করা হয়। বক্তারা দেশের জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের অবদান আরও টেকসই ও বেগবান করতে কার্যকর নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন। সভায় রিহ্যাবের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট আবাসন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।